Study on Scholarship

We provide reliable and well-researched information through posts, blogs, and PDF guides for students seeking international study opportunities with scholarships. Our goal is to make the scholarship journey clearer and more accessible through practical advice and useful insights that help maximise students’ chances of success.


ব্লগ-১২: বিশ্বখ্যাত CERN-এ ৫ লক্ষাধিক টাকা বেতনে নন-সাইন্স শিক্ষার্থীদের চাকুরির সুযোগ

সার্ন (CERN, European Organization for Nuclear Research) বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির এক অনন্য নাম। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জেনেভায় অবস্থিত এই খ্যাত বিখ্যাত সংস্থায় কাজ করার স্বপ্ন এবার সত্যি হতে পারে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ স্টুডেন্টশিপ (Administrative Studentship)’ প্রোগ্রামের মাধ্যমে। একটি বহুজাতিক ও বৈচিত্র্যময় পরিবেশে কাজ করার রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সার্নের এই প্রোগ্রামে কাজ করার অর্থ হলো বিশ্বের অন্যতম সেরা বৈজ্ঞানিক গবেষণাকে প্রশাসনিকভাবে সহায়তা করা এবং নিজেকে আন্তর্জাতিক মানের পেশাদার হিসেবে গড়ে তোলা।

 

এই প্রোগ্রামে আবেদনের সুযোগ রয়েছে মূলত প্রশাসন ও ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থীদের জন্য। বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিকেশন, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স (HR), আইন, লজিস্টিকস এবং প্রকিউরমেন্ট বা কেনাকাটা সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করছেন, তারা এই সুযোগটি লুফে নিতে পারেন। এর বাইরে, আপনি যদি এমন কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করছেন যেখানে বাস্তবমুখী প্রশাসনিক ও সাংগঠনিক দক্ষতার প্রয়োজন পড়ে, তবেও আপনি আবেদনের যোগ্য হবেন।

 

আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হতে হবে এবং আবেদনের সময় পর্যন্ত অন্তত ৮ মাস বা ৩টি সেমিস্টার সম্পন্ন করতে হবে। পিএইচডি শিক্ষার্থী বা ডিগ্রিধারীরা এই পদের জন্য যোগ্য নন। পুরো স্টুডেন্টশিপ চলাকালীন শিক্ষার্থীকে অবশ্যই তার বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন ছাত্র হিসেবে নিবন্ধিত থাকতে হবে এবং তাকে ইংরেজি অথবা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে। যদিও সার্ন সাধারণত সদস্য রাষ্ট্রগুলোকে অগ্রাধিকার দেয়, তবে বাংলাদেশসহ সদস্য নয় এমন দেশের (Non-Member State) নাগরিকদেরও বিশেষ কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে।

 

সার্ন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং মানসম্মত সুযোগ-সুবিধার ব্যবস্থা করে থাকে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ৩৪৮৬ সুইশ ফ্রাঁ ভাতা পাবেন যা সম্পূর্ণ করমুক্ত। এর পাশাপাশি সার্নের নিজস্ব ব্যাপক স্বাস্থ্য বীমা সুবিধা, জেনেভায় যাওয়ার যাতায়াত খরচ এবং নির্দিষ্ট ব্যক্তিগত পরিস্থিতিতে পারিবারিক ভাতাও প্রদান করা হতে পারে। এছাড়া বছরে ৩০ দিনের বেতনসহ ছুটি এবং বার্ষিক বন্ধের সময় অতিরিক্ত দুই সপ্তাহের ছুটি এই চুক্তির অন্তর্ভুক্ত থাকে। সাধারণত এই চুক্তির মেয়াদ ২ থেকে ১২ মাস পর্যন্ত স্থায়ী হয় যা একজন শিক্ষার্থীর দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের ভিত মজবুত করতে পারে।

 

এই সুযোগটি পেতে হলে সঠিক সময়ে আবেদন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৬ সালের এই প্রোগ্রামের জন্য আবেদনের শেষ সময়সীমা হচ্ছে ৩০ জুন ২০২৬, জেনেভা সময় রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। সফলভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য সম্ভাব্য যোগদানের আদর্শ তারিখ নির্ধারণ করা হয়েছে জানুয়ারি ২০২৭।

 

একটি জীবনবৃত্তান্ত বা সিভি (ইংরেজি অথবা ফরাসি ভাষায়), একাডেমিক রেফারেন্স লেটার এবং মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হবে। আগ্রহী প্রার্থীদের সার্নের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে এবং পুরো প্রক্রিয়াটি শেষ করতে প্রায় ১৫ মিনিট সময় লাগতে পারে। আবেদনপত্রগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের অনলাইন ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রণ জানানো হবে এবং সফলরাই পাবেন সার্নের এই অসাধারণ যাত্রায় যোগদানের সুযোগ।

 



Leave a Reply

Search

Subscription

We don’t spam! Read our privacy policy for more info.

Archive

Categories

Tags

Gallery