এজেন্সী ছাড়া ভর্তি এবং স্কলারশিপ আবেদন সম্ভব?
হ্যাঁ, অবশ্যই।
এজেন্সী সাহায্য ছাড়া আবেদন দাখিল কী অসাধারণ কিছু?
মোটেও না।
আপনি বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়বেন–
মানে বিদেশী বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার স্ট্যান্ডার্ড-এর সাথে তাল মিলিয়ে পড়াকালীন এসাইনমেন্ট তৈরি, প্রেজেন্টেশন দেয়া এবং পরীক্ষায় পাশ করার মাধ্যমে ডিগ্রী পাবার স্বপ্ন দেখেন–
অথচ আপনি ভর্তি আবেদন করতে পারবেন না?
শুধু কী তাই?
পড়াকালীন পার্টটাইম কাজ করা, বিদেশের পরিবেশের সাথে খাপ খাইয়ে জীবনধারণ করার স্বপ্ন দেখেন, সারভাইব করার পাশাপাশি উন্নত ক্যারিয়ার গঠনের স্বপ্ন দেখেন, অথচ দেশে থাকাকালে একটু সময় নিয়ে ভর্তি এবং স্কলারশিপ বিষয়ে রিসার্স করা, প্রয়োজনীয় ডকুমেন্টসমূহ তৈরি করা এবং অনলাইনে আবেদন করতে পারবেন না?
এটুকু দক্ষতা অর্জন কী কঠিন কিছু?
মোটেও না।
অনেকেই পারছেন। তাই নয় কী?
বিশেষ করে যারা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে বা স্কলারশিপ নিয়ে পড়াশুনা করতে যাচ্ছে তাদের বেশিরভাগই নিজে নিজে আবেদন করে ভর্তি হচ্ছে এবং স্কলারশিপ পাচ্ছে।
অতএব আপনিও পারবেন।
এবার আসুন, আপনি কেন পারবেন তা জেনে নেই।
……………………………………………………………..
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ডেডলাইন, প্রয়োজনীয় কাগজপত্র– সবকিছু স্পষ্টভাবে দেওয়া থাকে। তাই অন্যের উপর নির্ভর না করেও আবেদন করা সম্ভব।
ধাপে ধাপে অনলাইন ফর্ম পূরণের সুযোগ থাকে। আপনি হয়তো কিছুক্ষণ কাজ করলেন, সেভ করলেন। আবার কিছু সময় পর আবার একটু কাজ করলেন। ডেডলাইনের মধ্যে আপনি বারবার লগইন করে কাজ করতে পারবেন, সেভ করতে পারবেন। নির্দেশনা অনুসরণ করলে আপনি নিজেই আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনের মাঝপথে আটকে গেলে ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। Admission Office বা Professor-দের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে নির্ভরযোগ্য উত্তর পাওয়া যায়। প্রযোজ্য ক্ষেত্রে, তাদের পরামর্শ গ্রহণের মাধ্যমে আপনি আবেদন দাখিল করতে পারেন।
বর্তমানে AI-এর ব্যবহার, ফ্রি টেমপ্লেট ও ফ্রি টুলের কারণে প্রস্তুতি সহজ হয়েছে। CV ফরম্যাট, SOP গাইডলাইন, IELTS preparation,
email sample- সবকিছুর জন্য এখন ফ্রি রিসোর্স সহজলভ্য। যদিও কখনই হুবহু কপি করতে যাবেন না।
তাছাড়া, ইউটিউব, ফেসবুক গ্রুপ ও অনলাইন কমিউনিটিতে আপনার মতো হাজারো বাংলাদেশি শিক্ষার্থী একটিভ আছে যারা এসব প্ল্যাটফরমে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন। ওখান থেকে ফ্রি গাইডলাইন ও বাস্তব ধারণা পাওয়া সম্ভব। যদিও এক্ষেত্রে এ সকল প্ল্যাটফরমের উপর শতভাগ নির্ভর করা যায় না।
…………………………………………………………….
নিজে আবেদন করা এখন আর ‘অসাধারণ’ কিছু নয়, বরং এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবার আসুন দেখি নিজে আবেদন করার ভালো দিক কী কী–
অতিরিক্ত খরচ বাঁচানো যায়। অনেক এজেন্সি প্রসেসিং, ফাইলিং বা কনসালটেন্সির নামে বড় অঙ্কের টাকা নেয়। নিজে আবেদন করলে এসব খরচ বাঁচানো সম্ভব।
নিজে আবেদন করলে নিজের ডকুমেন্ট নিজে বুঝে প্রস্তুত করা যায়। SOP,
Motivation Letter, CV, Research Proposal ইত্যাদি নিজের অভিজ্ঞতা ও লক্ষ্য অনুযায়ী নিজে প্রস্তুত করলে তা আরও স্বতঃস্ফূর্ত ও শক্তিশালী হয়।
নিজে আবেদন করলে আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ে। ডকুমেন্ট প্রস্তুত করা, যোগাযোগ করা ও পুরো প্রসেস পরিচালনা করার মাধ্যমে একজন শিক্ষার্থীর গবেষণা, যোগাযোগ ও পরিকল্পনার দক্ষতা বৃদ্ধি পায়।
কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হবে, কী লেখা হবে, কখন সাবমিট হবে– এসব সিদ্ধান্তের উপর নিজের নিয়ন্ত্রণ থাকে।
কিছু এজেন্সি একই ধরনের SOP বা CV বহু শিক্ষার্থীকে দেয়। বিশ্ববিদ্যালয় এগুলো শনাক্ত করতে পারে, যা আবেদন বাতিলের কারণ হতে পারে। নিজে আবেদন করলে এ থেকে বাঁচা যায়।
আবেদনে নেতৃত্ব, লক্ষ্য, সামাজিক প্রভাব, গবেষণা আগ্রহ-এসব নিজের ভাষায় তুলে ধরতে হয়। এটি আপনার হয়ে অন্য কেউ ভালোভাবে করতে পারবে না।
নিজে আবেদন করলে ভবিষ্যতে অন্যদের সাহায্য করার সক্ষমতা তৈরি হয়। একবার পুরো প্রক্রিয়া নিজে শিখে গেলে পরবর্তীতে ছোট ভাই-বোন, বন্ধু বা সহপাঠীদের সঠিকভাবে গাইড করা যায়।
অনেক প্রতারণামূলক এজেন্সিও রয়েছে, যারা ভুয়া অফার লেটার, মিথ্যা স্কলারশিপ প্রতিশ্রুতি বা অতিরিক্ত ফি দাবি করে থাকে। নিজে আবদেন করলে এগুলো থেকে বেঁচে যাবেন।
আবেদন নিজে করলে interview-তে নিজের কোর্স, বিশ্ববিদ্যালয় বা research
goal নিয়ে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেয়া যায়।
…………………………….
অতএব, আজকে থেকে, মানে এখন থেকেই নিজে নিজে রিসার্স করা এবং আবেদন করার সংকল্প করুন, চেষ্টা করুন। অচিরেই দেখবেন আপনি এক্সপার্ট হয়ে উঠছেন।












